সর্বশেষ সংবাদ :

বিসিবির অর্থ কমিটির প্রধানের দায়িত্বে ফিরলেন নাজমুল

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের তোপের মুখে পড়া বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম আবারও বোর্ডের প্রভাবশালী ‘অর্থ কমিটির’ প্রধানের দায়িত্বে ফিরলেন। গতকাল শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে এই দায়িত্ব পুনরায় বুঝিয়ে দেওয়া হয়। ক্রিকেটারদের চাপের মুখে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তার ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছে বোর্ড।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সভা শেষে সাংবাদিকদের জানান, নাজমুল ইসলামের কাছে যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল, তার লিখিত জবাব বিসিবির শৃঙ্খলা বিভাগের কাছে সন্তোষজনক মনে হয়েছে। ফলে তার পুনরায় দায়িত্বে ফিরতে আর কোনো বাধা নেই। নাজমুল ইসলাম নিজেও গণমাধ্যমকে তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য এবং ক্রিকেটারদের কাছে অর্থ ফেরত চাওয়ার মতো স্পর্শকাতর বিষয়ে কথা বলে চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন নাজমুল ইসলাম। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা বিপিএল বয়কটের ডাক দেন। ক্রিকেটারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও তার পদত্যাগ দাবি করেছিল।
ক্রিকেটারদের পক্ষ থেকে তাকে সরাসরি বোর্ড থেকে অপসারণের দাবি থাকলেও বিসিবির গঠনতন্ত্রই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিসিবির নিয়ম অনুযায়ী, চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালককে মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, দেউলিয়া ঘোষণা বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা ছাড়া সরাসরি অপসারণ করার সুযোগ নেই। এই গঠনতান্ত্রিক আইনি মারপ্যাঁচে এবং শৃঙ্খলা বিভাগের ‘সবুজ সংকেত’ পাওয়ায় শেষ পর্যন্ত নিজের চেয়ার ফিরে পেলেন নাজমুল ইসলাম।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ