, , ।
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটসালে নতুন রাজত্ব গড়েছে বাংলাদেশ। প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে ইতিহাস গড়েছে সাবিনা খাতুনের দল। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থনকে জয়ের অন্যতম বড় কারিগর হিসেবে দেখছেন দলের ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা।
রোববার থাইল্যান্ডের ব্যাংককে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর নিজের অনুভূতি জানান সুমাইয়া। তিনি বলেন, ‘ফুটসালে দেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন আমরা পেয়েছি, তা আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে। এই সাফল্য শুধু আমাদের নয়, পুরো দেশের।’
জাপানি বংশোদ্ভূত এই ফরোয়ার্ড এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য সাফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে দলের কোচিং স্টাফ, ফিজিও এবং সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সুমাইয়ার মতে, পুরো আসরে ফুটসালের মান এবং খেলোয়াড়দের প্রতিভা ছিল দেখার মতো।
২০২২ ও ২০২৪ সালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই অপরাজেয় দলের সদস্য ছিলেন সুমাইয়া মাতসুশিমা। এবার ফুটবলের সবুজ মাঠ পেরিয়ে ইনডোর ফুটসালের কোর্টেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন তিনি। মালদ্বীপের বিপক্ষে বড় জয়ের ম্যাচে একটি গোলসহ পুরো টুর্নামেন্টে সুমাইয়া করেছেন মোট ৪টি গোল।
ভারতের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা লাল-সবুজের দল পুরো টুর্নামেন্টে ছিল অপ্রতিরোধ্য। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইরানি কোচ সাইদ খোদারাহমির শিষ্যরা। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ফুটবলের পর ফুটসালেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখল বাংলাদেশ।