সর্বশেষ সংবাদ :

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে কোচ সাঈদ খোদারাহমির শিষ্যরা। ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। ১২তম মিনিটে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে দল। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে শ্রীলঙ্কা। ০-২ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ১৮তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। কৃষ্ণা রানী সরকারের সাথে দারুণ ওয়ান-টু-ওয়ান পাসিংয়ে দলের প্রথম গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন।
প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে কৃষ্ণার চমৎকার কাটব্যাক থেকে সাবিনা আবারও লক্ষ্যভেদ করলে ২-২ সমতায় বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। ২৮তম মিনিটে সাবিনার কর্নার থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান মাতসুশিমা সুমাইয়া, যা বাংলাদেশকে লিড এনে দেয়।
ম্যাচের ৩৫তম মিনিটে সাবিনার পাস থেকে গোলমুখে আলতো টোকায় ব্যবধান ৪-২ করেন কৃষ্ণা। ৩ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে নেন মাসুরা পারভীন। সাবিনার একটি শট লঙ্কান গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বলে গোল করতে ভুল করেননি তিনি। আর ম্যাচের শেষ মিনিটে সাবিনার নিখুঁত পাসে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি পূর্ণ করেন কৃষ্ণা রানী সরকার।
এই জয়ের ফলে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো ১০ পয়েন্ট। আসরের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করে এবং তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


প্রকাশিত: January 22, 2026 | সময়: 2:58 am | সুমন শেখ

আরও খবর