সর্বশেষ সংবাদ :

নির্বাচনের চার বছর পর শপথ নিলেন আব্দুস সবুর পিন্টু

আক্কেলপুর প্রতিনিধি: দীর্ঘ চার বছর আইনি লড়াই শেষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন আব্দুস সবুর পিন্টু। আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আব্দুস সবুর পিন্টুর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ২০২১ সালের ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। শপথ গ্রহণ শেষে তিনি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা মারুফ হাসান রনিকে এক ভোটে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল নিয়ে আপত্তি জানালে পাঁচ দফা পুনর্গণনার পরও আব্দুস সবুর পিন্টুকে পরাজিত দেখানো হয়। পরে মারুফ হাসান রনি শপথ নিয়ে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ফলাফলের বিরুদ্ধে আব্দুস সবুর পিন্টু ২০২১ সালের ১৫ ডিসেম্বর জয়পুরহাট জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৫ অক্টোবর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার ভোট পুনর্গণনার নির্দেশ দেন। আদালতে প্রকাশ্যে পুনর্গণনায় তালা প্রতীকে আব্দুস সবুর পিন্টু পান ১ হাজার ১১৪ ভোট এবং ফুটবল প্রতীকে মারুফ হাসান রনি পান ১ হাজার ১১১ ভোট। এতে তিন ভোটের ব্যবধানে আব্দুস সবুর পিন্টু বিজয়ী হন।
আদালতের রায়ের পর নির্বাচন কমিশন তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) ফারজানা জান্নাত। শপথ গ্রহণের পর আব্দুস সবুর পিন্টু বলেন, ২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, আদালতের রায় কার্যকর হওয়ায় এখন তিনি এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আব্দুস সবুর পিন্টুকে শপথ করানো হয়েছে এবং শপথের মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।


প্রকাশিত: January 21, 2026 | সময়: 5:35 am | সুমন শেখ

আরও খবর