, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী ঃ চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার হওয়া এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে পদ্মা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মাঝচর নামক এই স্থানটি পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে।
নিহত ব্যবসায়ীর নাম আহাদ আলী ওরফে কাজল ওরফে গোলকাজল (৩৪)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামে। বাবার নাম মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ। গত ২ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন আহাদ আলী। ৮ জানুয়ারি আহাদের স্ত্রী লিসা বেগম (৩০) বাদী হয়ে স্বামীকে অপহরণ ও গুমের অভিযোগে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনসহ ১৬ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম বলেন, ‘তদন্ত চলবে। এখন লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে আইনি প্রক্রিয়া শুরু হবে।’
ওসি জানান, আহাদকে গুমের মামলায় তারা ইতোমধ্যে কামরুজ্জামান বাচ্চু নামের একজনকে গ্রেপ্তার করেছেন। ওই আসামি বর্তমানে কারাগারে আছেন। আর তদন্ত ছাড়াই এ মামলা গ্রহণের ব্যাপারে তাকে জেলা পুলিশ যে শোকজ করেছিল, তিনি তার জবাব দিয়েছেন।