সর্বশেষ সংবাদ :

ইসাখিলের শতক ম্লান করে হৃদয়ের সেঞ্চুরি, রংপুরের জয়

স্পোর্টস ডেস্ক: নোয়াখালী এক্সপ্রেসের হয়ে হাসান ইসাখিলের দেওয়া সেঞ্চুরির জবাব দিলেন রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয়। তার দারুণ সেঞ্চুরিতে নোয়াখালীকে ৮ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে রংপুর।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন হৃদয়। ৬৩ বলে ১০৯ রান করেন তিনি।
ইনিংসটি সাজান ১৫ চার ও ২ ছক্কায়। স্ট্রাইকরেট ছিল ১৭৩.৪২। তবে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি হৃদয়। দলের জয়ের জন্য তখন ৯ রান প্রয়োজন, ঠিক তখনই আউট হন তিনি।
এরপর অধিনায়ক লিটন দাস শেষ ওভারে হিসাব মেলান। ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন তিনি। ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এই সেঞ্চুরির মাধ্যমে আগের আক্ষেপও ঘুচিয়েছেন হৃদয়। গত ১১ জানুয়ারি রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে তিন অঙ্ক ছুঁলেন বাংলাদেশি এই ব্যাটার।
হৃদয়ের সেঞ্চুরির আড়ালে অনেকটাই চাপা পড়ে যায় নোয়াখালীর হাসান ইসাখিলের সেঞ্চুরি। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়ায় নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের এই ব্যাটারের সেঞ্চুরিতে ১৭৩ রান করে নোয়াখালী। ৭২ বলে ১০৭ রান করেন ইসাখিল। ৪টি চার ও ১১টি ছক্কা মারেন তিনি। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি। অধিনায়ক হায়দার আলীও ৪২ রান করেন। তবে বড় স্কোর করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি নোয়াখালী।
এই জয়ে রংপুর শীর্ষ দুইয়ে উঠতে পারেনি। ১২ পয়েন্ট নিয়ে তাদের খেলতে হবে এলিমিনেটর। সেখানে প্রতিপক্ষ ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা সিলেট স্ট্রাইকার্স। টেবিলের শীর্ষ দুইয়ে রয়েছে রাজশাহী (১৬) ও চট্টগ্রাম রয়্যালস (১২)।


প্রকাশিত: January 19, 2026 | সময়: 4:48 am | সুমন শেখ