সর্বশেষ সংবাদ :

বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড, সেনাবাহিনীর লাঠিচার্জ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে দর্শকদের চরম ভোগান্তি ও অব্যবস্থাপনার এক নজিরবিহীন চিত্র ফুটে উঠেছে। স্থগিত হওয়া ম্যাচের টিকিট নিয়ে বিসিবির দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে লাঠিচার্জ করতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
গত ১৫ জানুয়ারি ঢাকা পর্বের নির্ধারিত ম্যাচগুলো অনিবার্য কারণে মাঠে না গড়ানোয় বিসিবি ঘোষণা করেছিল যে, দর্শকদের টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু ঘোষণার কয়েক দিন পেরিয়ে গেলেও বিপুল সংখ্যক দর্শক অভিযোগ করেছেন, তারা এখনো কোনো অর্থ ফেরত পাননি।
শুধু টাকা ফেরত নয়, বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে পরিবর্তিত সূচি অনুযায়ী নির্ধারিত দিনে আগের টিকিট দিয়েই ম্যাচ দেখা যাবে। তবে শনিবার মাঠে এসে দর্শকরা চরম বিষ্ময়ের সঙ্গে জানতে পারেন, তাদের পুরনো টিকিটটি আর বৈধ নয়। অর্থাৎ যারা টাকা ফেরত পাননি, তারা পুরনো টিকিট দিয়ে খেলা দেখার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন।
টাকা ফেরত না পাওয়া এবং খেলা দেখতে না পারার দ্বিমুখী যন্ত্রণায় দর্শকরা স্টেডিয়ামের গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। তারা বিসিবির অব্যবস্থাপনার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।
উত্তেজিত দর্শকদের বারবার সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা অবস্থান ত্যাগ না করায় এক পর্যায়ে সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করে জানান, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই তারা মাঠে এসেছিলেন, কিন্তু বিসিবির সমন্বয়হীনতার কারণে তাদের পকেট ও সম্মান, উভয়ই খুইয়ে ফিরতে হচ্ছে। টিকিট নিয়ে এই লঙ্কাকাণ্ড এবং দর্শকদের ওপর বলপ্রয়োগের ঘটনা নিয়ে বিসিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


প্রকাশিত: January 18, 2026 | সময়: 1:34 am | সুমন শেখ