বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার পাঁচুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোপালবাটি ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম রেজু বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আজ আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এখানে সমবেত হয়েছি। তিনি সারাজীবন সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের কথা ভেবেছেন। আমাদের দায়িত্ব হলো তাঁর আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং তাঁর রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ আদর প্রমুখ।
বক্তব্য শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।