, , ।
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের মূল লড়াইয়ে নামার আগে দারুণ এক জয় দিয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে হারিয়ে শুভসূচনা করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। ব্যাটে জ্যোতি ও সোবহানার ম্যারাথন জুটি আর বলে রাবেয়া খানের ঘূর্ণিতে ডাচরা পাত্তাই পায়নি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার দিলারা আক্তার (৬) ও অভিষিক্ত জুয়াইরিয়া ফেরদৌস (২)। তবে প্রাথমিক ধাক্কা সামলে হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে ১০১ বলে গড়েন ১৩৯ রানের অনবদ্য এক জুটি।
মাত্র ৫১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জ্যোতি, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। অন্যদিকে ৫৮ বলে ৫৯ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন সোবহানা। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা। ডাচরা ১৫২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে নেদারল্যান্ডস। লেগ স্পিনার রাবেয়া খান ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
পেস অলরাউন্ডার রিতু মনিও ছিলেন দারুণ কার্যকর, তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নিয়ে ডাচদের আটকে রাখেন ১২৫ রানে। নেদারল্যান্ডসের পক্ষে স্টেয়ার ক্যালিস সর্বোচ্চ ৩১ ও ফিবি মোল্কেনবোর ২৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্বে নামার আগে আগামী শুক্রবার দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের মূল আসরের মিশন।