সর্বশেষ সংবাদ :

ঢাকা ক্যাপিটালসের কোচকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে টবি র‌্যাডফোর্ডের নিয়োগ নিশ্চিত করেছে সংস্থাটি। তিনি অ্যান্ড্রু পুটিকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আগামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন র‌্যাডফোর্ড। একই সঙ্গে নতুন শক্তি ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্ট আহমুন। এক বছরের জন্য এই দুই কোচকে দায়িত্ব দিয়েছে এসিবি।
আগামী ১৯, ২১ ও ২২ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এটিই বিশ্বকাপের আগে আফগানিস্তানের শেষ টি-টোয়েন্টি সিরিজ। ওয়েলসের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার টবি র‌্যাডফোর্ড একজন সুপরিচিত কোচ। মিডলসেক্স ও সাসেক্সের হয়ে খেলেছেন তিনি। ইসিবির লেভেল ফোর সার্টিফায়েড এই কোচ বর্তমানে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ ছিলেন তিনি।
পাশাপাশি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন র‌্যাডফোর্ড। কোচিং ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্যও রয়েছে তার। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পেছনেও ছিল তার অবদান। ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্সকে ২০০৮ সালে জাতীয় টি-টোয়েন্টি শিরোপা এনে দেন তিনি।
গ্ল্যামরগান দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। কোচিংয়ের পাশাপাশি একজন স্বীকৃত প্রশিক্ষক ও লেখক হিসেবেও পরিচিত র‌্যাডফোর্ড। ইসিবির কোচ মেন্টর হিসেবে কাজ করার পাশাপাশি ‘গেটিং টু গ্রিপস’ নামের জনপ্রিয় ক্রিকেট বইয়ের লেখক তিনি। অন্যদিকে, শক্তি ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া রবার্ট আহমুন ওয়েলসের কার্ডিফের বাসিন্দা। তিনি এলিট পর্যায়ের পারফরম্যান্স ও ফিটনেস বিশেষজ্ঞ। সর্বশেষ ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন আহমুন। ২০২২ সালের ডিসেম্বরে ওই পদে যোগ দিয়ে ইংল্যান্ড জাতীয় দলের শারীরিক প্রস্তুতি ও চিকিৎসা ব্যবস্থার তত্ত্বাবধান করেন তিনি।
দুই দশকের বেশি সময় ধরে এলিট স্পোর্টস পারফরম্যান্স ও কন্ডিশনিংয়ে কাজ করা আহমুন এর আগে ইসিবির ন্যাশনাল লিড ফর স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং এবং ইংল্যান্ড ক্রিকেটের পথচলা কর্মসূচিতেও যুক্ত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটারদের ওয়ার্কলোড, ইনজুরি ও পারফরম্যান্স নিয়ে তার একাধিক গবেষণা প্রকাশিত হয়েছে।
এসিবি জানিয়েছে, ব্যাটিং কোচ ও শক্তি-কন্ডিশনিং কোচের পদ পূরণ হলেও এখনও প্রধান কোচ ও স্পিন বোলিং কোচের পদ শূন্য রয়েছে। বর্তমান প্রধান কোচ জোনাথন ট্রট বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ভারতের বাইরে সাইবেরিয়ায় হলেও খেলতে আপত্তি নেই: আসিফ
স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বাইরে যে কোনো দেশে ম্যাচ আয়োজন করা হলে তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আসিফ আকবর বলেন, ভারতের বাইরে হলে ভেন্যু নিয়ে বাংলাদেশ দলের কোনো সমস্যা নেই। এমনকি চরম ঠান্ডার দেশ হলেও আপত্তি থাকবে না। তিনি বলেন, ‘আমাদের অবস্থান খুব পরিষ্কার। ভারতের বাইরে হলেই হলো। প্রয়োজনে সাইবেরিয়ার মতো ঠান্ডা জায়গায় খেললেও সমস্যা নেই। কিন্তু ভারতের ভেতরে আমরা খেলতে যাচ্ছি না।
সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পাকিস্তান আগ্রহী এমন আলোচনা সামনে এলে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বিসিবির এই পরিচালক। তিনি জানান, ভেন্যু নির্ধারণে আবেগ নয়, বরং নিরাপত্তা ও নীতিগত সিদ্ধান্তকেই গুরুত্ব দিচ্ছে বোর্ড। আসিফ আকবর আরও বলেন, ‘ভারতের ভেতরে ভেন্যু বদলালেও সেটা ভারতের মধ্যেই পড়ে। আমাদের বোর্ড সভাপতি বিষয়টি আগেই স্পষ্ট করেছেন।
সুতরাং এই অবস্থান থেকে আমরা সরে আসছি না।’ তবে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনোভাবেই পয়েন্ট ছাড়তে চায় না বাংলাদেশ। একই সঙ্গে খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আসিফ বলেন, ‘অনেক খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ আজীবনের স্বপ্ন। তারা যেন মানসিক অনিশ্চয়তায় না থাকে, সেটাও আমাদের মাথায় আছে।
আমরা আশাবাদী আমাদের যুক্তির ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ভেন্যু পাওয়া যাবে। ইনশাআল্লাহ।’ দেশের স্বার্থকে সবার ওপরে রাখার কথাও পুনর্ব্যক্ত করেন বিসিবি পরিচালক। তিনি জানান, ‘সবচেয়ে আগে দেশ। আত্মমর্যাদা বজায় রাখা আমাদের দায়িত্ব। দেশের ওপরে কিছু নেই যেখানেই থাকি, যাই করি।’


প্রকাশিত: January 14, 2026 | সময়: 12:45 am | সুমন শেখ

আরও খবর