, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে অনিক হাসান (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই গ্রামের মৃত রুহুল ড্রাইভারের ভাড়া বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের রানা সরদারের ছেলে। অনিক হাসান নিষিদ্ধ সর্বহারা দলের সদস্য ছিলেন বলে স্থানীয় একাধিক সুত্র জানায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, স্থানীয় লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। সে সময় অনিক হাসানের মরদেহ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। এবিষয়ে প্রাথমিক ভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানায়, পাকশীর ছাত্রলীগ নেতা মনা হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামী অনিক হাসান। তার বিরুদ্ধে ঈশ্বরদীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।