বিশ্বকাপের আগে ‘অস্থিরতা’ দলের ওপর প্রভাব ফেলে: শান্ত

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্যে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন। এই পরিস্থিতিতে গুমোট আবহাওয়া কাটিয়ে মুখ খুলেছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক স্পষ্ট জানান, মাঠের বাইরের এসব বিতর্কে ক্রিকেটাররা মানসিকভাবে বিপর্যস্ত এবং তারা কেবল ‘সব ঠিক আছে’ বলে অভিনয়ের মুখোশ পরে আছেন। ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে না নিলে বিশ্বকাপে অংশ না নেওয়ার যে হুমকি বিসিবি দিয়েছে, তাতে ক্রিকেটারদের রাত কাটছে চরম উৎকণ্ঠায়।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘প্রতিটি বিশ্বকাপের আগেই কিছু না কিছু ঘটে, যা দলের ওপর প্রভাব ফেলে। আমরা বাইরে এমন ভাব করি যেন আমরা অনেক বড় প্রফেশনাল এবং আমাদের ওপর কোনো প্রভাব পড়ছে না। কিন্তু আপনারা (সাংবাদিকরা) ভালো করেই জানেন যে আমরা আসলে অভিনয় করছি। এই পরিস্থিতিতে টিকে থাকা মোটেও সহজ নয়। বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিকতাহীন পারফরম্যান্সের পেছনে মাঠের বাইরের এসব বিতর্ককে দায়ী করে তিনি আরও বলেন, ‘মাঠের বাইরের এসব বিষয় নিয়ন্ত্রণে রাখা আমাদের হাতে নেই। তবুও আমরা চেষ্টা করি সব একপাশে রেখে দেশের জন্য সেরাটা দিতে। যদি পরিবেশ শান্ত থাকত, তবে পারফরম্যান্স করা আরও সহজ হতো।’
এদিকে, সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্যেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের চেয়ে ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার কথা বলায় তামিমকে ‘ভারতীয় এজেন্ট’ হিসেবে অভিহিত করেছিলেন ওই পরিচালক।
এ বিষয়ে ব্যথিত শান্ত বলেন, ‘তামিম ভাই আমাদের অন্যতম সফল ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক। তাকে নিয়ে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবকের মতো। তারা আমাদের আগলে রাখবে এটাই প্রত্যাশা। অভিভাবক যদি শাসন করতে চান, তবে তা ঘরের ভেতরে করবেন, সবার সামনে এভাবে অপমান করবেন না। একজন খেলোয়াড় হিসেবে আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’ শান্ত আরও যোগ করেন যে, ক্রিকেটাররা সফল হোক বা না হোক, দিনশেষে তারা ন্যূনতম সম্মানটুকু প্রত্যাশা করেন।


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬ | সময়: ১:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ