সর্বশেষ সংবাদ :

সুদের টাকার মামলায় জড়ানো কৃষকের মৃত্যু, না আত্মহত্যা

চাটমোহর প্রতিনিধি: সুদে ৫০ হাজার টাকা, পরে সুদ আসলে ৩ লাখ টাকা পরিশোধে না করায় মামলায় জড়ানো কৃষকের মৃত্যু হয়েছে। অনেকেই বলছেন, ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে। এমনই এক ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে। নিহত কৃষক সবুর তালুকদার (৪০) সে মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহ পুলিশ উদ্ধার করে।
মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী ছিলেন ও অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল।
তিনি আরও জানান, ঈশ্বরদী উপজেলার অরনকোলায় সবুরের ভগ্নিপতির (বোন জামাতা) নিকট থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।
প্রতিবেশীরা জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: January 9, 2026 | সময়: 1:52 am | সুমন শেখ