সর্বশেষ সংবাদ :

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: খাদ্য উপদেষ্টা

সানশাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর এবং প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে বলে অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন।
সোমবার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৬’ এর আওতায় ‘ভোটের গাড়ি’র মাধ্যমে নির্বাচনি প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী ইমাম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে আমাদের নিরঙ্কুশ নির্দেশনা আছে, প্রশাসন নিরপেক্ষ থাকবে।
“নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেনো না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে। আমি আশা করছি, অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভোট অনুষ্ঠিত হবে।” খাদ্য উপদেষ্টা বলেন, “ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন এবং একই সঙ্গে গণভোটেও অংশ নেবেন।
“আমরা দীর্ঘদিন যাবত কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০-৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি-এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান এবার হবে ইনশাল্লাহ। এ বন্ধ্যাত্ব গোছানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট রয়েছে।” তিনি বলেন, “কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে বলা হয়েছে নির্বাচনে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকও একই কথা বলেছেন।
“সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী পাঁচ বছর কে দেশ চালাবে।” কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন আলী নূর মো. বশিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 6, 2026 | সময়: 1:01 am | সুমন শেখ

আরও খবর