সর্বশেষ সংবাদ :

বোলিংয়ের নতুন অস্ত্র বিশ্বকাপেও কাজে লাগাতে চান নাসুম

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দেখা মিলল নাসুম আহমেদের বাঁহাতি স্পিনের ভেলকি। বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটারদের রীতিমতো নাচিয়েছেন তিনি। নাসুমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ভর করে নোয়াখালীকে মাত্র ৬১ রানে অল আউট করে ৪ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স।
৩১ বছর বয়সী এই অভিজ্ঞ স্পিনার আজ ৪ ওভার বল করে ২০টি ডট বলসহ মাত্র ৭ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। এটি বিপিএলের ইতিহাসে কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার। নাসুমের এই বিষাক্ত স্পিনের সামনে নোয়াখালীর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। এর আগে তার সেরা বোলিং ফিগার ছিল ১০ রানে ৪ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই নাসুমের প্রথম পাঁচ উইকেটের মাইলফলক।
ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় নাসুম তার সাফল্যের রহস্য ফাঁস করেন। তিনি জানান, দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে একটি নতুন ডেলিভারি আয়ত্ত করেছেন তিনি। নাসুম বলেন, ‘আমি নতুন ইনসুইং বলটা করার চেষ্টা করছি এবং অনেক প্র্যাকটিস করছি। এখন সেটা ম্যাচে প্রয়োগ করছি এবং খুব ভালোভাবে কাজ করছে।
নতুন কিছু শিখতে পেরে খুব ভালো লাগছে।’ আগামী মাসেই (ফেব্রুয়ারি ২০২৬) শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। বিপিএলের এই পারফরম্যান্স বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস নাসুমের। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই পারফরম্যান্সটা আমার বিশ্বকাপের জন্য খুব ভালো হবে। বিপিএলে সামনে আরও চারটা ম্যাচ আছে, যা আমাকে আরও প্রস্তুত হতে সাহায্য করবে।
’নাসুমের তোপে পড়ে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। ৬২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট টাইটান্স ৮.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। এই জয়ে ৬ ম্যাচে ৩টি জয় তুলে নিল সিলেট। অন্যদিকে ৪ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি নোয়াখালী।


প্রকাশিত: January 6, 2026 | সময়: 12:57 am | সুমন শেখ