সর্বশেষ সংবাদ :

উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স দেয়ার নির্দেশনা বিভাগীয় কমিশনারের

স্টাফ রির্পোটার: উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য বিআরটিএর রাজশাহী সার্কেলের কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। বিকেলে এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বিআরটিএ’র প্রতিনিধিকে উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে সেচ নিশ্চিত করতে এবং সড়ক মেরামতের কাজ দ্রুততম সময়ে করতে বিভাগীয় কমিশনার সড়ক বিভাগকে নির্দেশনা দিয়েছেন।’
সভায় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, ‘সরকারি দপ্তরে আমরা অনেক কাজই করি যা আমাদের রুটিন দায়িত্ব। এ রুটিন দায়িত্বের বাইরে আমাদের কিছু আইকনিক কাজ করতে হবে। এ অঞ্চলের জন্য উপযুক্ত বিষয় নির্বাচন করে তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যেন সেটা এ বিভাগের জন্য মডেল হতে পারে।’
ডিপিপি অনুসারে মডেল মসজিদের উপকরণ বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, কোনো কোনো মডেল মসজিদে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। এদিকে লক্ষ্য রেখে এসির ব্যবহার কমাতে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
এক জেলার সার অন্য জেলাতে যেন না যায় এবং সার ডিলাররা তাদের ঘোষিত স্থানের বাইরে অন্য কোথাও যেন সার মজুত না করে তা মনিটরিং করতে তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করেন। রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধানেরা সরাসরি এবং আট জেলার জেলা প্রশাসকরা অনলাইনে যুক্ত হয়ে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। দপ্তর প্রধানেরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম সভায় তুলে ধরেন। এর আগে সমন্বয় সভার শুরুতে বিভাগীয় কমিশনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন।


প্রকাশিত: December 31, 2025 | সময়: 12:40 am | সুমন শেখ