সর্বশেষ সংবাদ :

ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ কে সামনে রেখে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান ক্রিকেট। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বৈশ্বিক টুর্নামেন্টে ওমানের নেতৃত্বে থাকছেন ভারতীয় বংশোদ্ভুত অভিজ্ঞ ব্যাটার জতিন্দর সিং। ৭২ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিজ্ঞতা থাকা এই ক্রিকেটার আগের মতোই দলের ভরসার প্রতীক। চলতি বছরের শুরুতে এশিয়া ও ইএপি অঞ্চলের বাছাই পর্বে ওমানকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবেই মূল মঞ্চে আবারও অধিনায়কত্বের দায়িত্ব পেলেন জতিন্দর।
ওমান দলের সাপোর্ট স্টাফেও যুক্ত হয়েছে ভারতীয় অভিজ্ঞতা। সাবেক মুম্বাই দলের হেড কোচ সুলক্ষণ কুলকার্নিকে জাতীয় দলের ডেপুটি কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওমান ক্রিকেট বোর্ড। ভারতের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কাজ করা এই কোচের অভিজ্ঞতা বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে দারুণভাবে সাহায্য করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই বিশ্বকাপ স্কোয়াডে ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারদের প্রাধান্য চোখে পড়ার মতো। অধিনায়ক জতিন্দর সিংয়ের পাশাপাশি বিনায়ক শুক্লা থাকছেন সহ-অধিনায়কের ভূমিকায়। এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ নাদিম ও শাকিল আহমেদ দলে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর ২০২৫ সালের এশিয়া-ইএপি আঞ্চলিক ফাইনালে রানার্সআপ হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ওমান। বিশ্বকাপে গ্রুপ ‘বি’-তে জায়গা পেয়েছে ওমান। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (সহ-আয়োজক), অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মতো শক্তিশালী দল। বিশ্বকাপ মিশন শুরু হবে ৯ ফেব্রুয়ারি, কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, করণ সোনাভালে, শাহ ফয়সাল, নাদিম খান, সুফিয়ান মাহমুদ, জে ওডেদ্রা, শফিক জান, আশিস ওডেদ্রা, জিতেন রামানন্দি ও হাসনাইন আলি শাহ।
খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফি-সাকিবদের শোক প্রকাশ
স্পোর্টস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালরা। এছাড়া তিন ফরম্যাটের তিন বর্তমান অধিনায়কও শোক জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ম্যাচগুলিও স্থগিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি লিখেছেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’’
বিদেশে অবস্থান করা সাকিব আল হাসান লিখেছেন, ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’’
তামিম ইকবাল লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’’ মুশফিকুর রহিম দোয়া চেয়ে লিখেছেন, ‘‘ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’’
লিটন দাস লিখেছেন, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে তার পরিবার, প্রিয়জন এবং জাতির প্রতি আন্তরিক সমবেদনা।’’ নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাত নসিব করেন।’’
মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তা’লা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’’


প্রকাশিত: December 31, 2025 | সময়: 12:39 am | সুমন শেখ