৬ আসনে ৩৮ প্রার্থী : রাজশাহীতে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা

স্টাফ রির্পোটার: উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়পত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মনোনয়ন উত্তলন হয়েছিলো ৫৬টি। ৬টি আসনের অনেক মনোনয়ন বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কার্যালয়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোনের হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। মনোনয়ন দাখিলের শেষদিনে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকেই প্রার্থীদের অনুসারী নেতাকর্মীরা ভিড় জমান। সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সূত্র থেকে জানা যায়, রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছে ৩৮ জন প্রার্থী।
সকাল ১১ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু, একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান ও বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম (মেজবা), মনোনয়নপত্র জমা দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, আমার বাংলাদেশ পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী, রাজশাহী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন, “সারাদেশে এবার বিএনপির নিরঙ্কোষ বিজয় হবে। তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল। এই মূহুর্তে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। তিনি বিগত ১৭ বছরে দলকে সুসংগঠিত করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি বাদে সব আসনে বিএনপি জয় পেয়েছিল। এবারও রাজশাহী বিভাগ তো বটেই, সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। রাজশাহী শান্তির মহানগরী। প্রশাসন সবার সাথে সুন্দরভাবেই কাজ করছে। আশা করছি শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে।”
একই আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান বলেন, “যদি পরিবেশ স্বাভাবিক থাকে, মানুষ যদি ভোটকেন্দ্রে যেতে পারে তাহলে ঈনশাআল্লাহ ভালো রেজাল্ট নিয়ে আসবো। সবার কাছে দোয়া চাই।”
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচন ঘনিয়ে এলেও সব দলের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।
রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাংবাদিকদের বলেন, “পবা-মোহনপুরে বেকার যুবক, কৃষক ও নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, নারীদের স্বাবলম্বী করা, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।”
একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন,“জামায়াতে ইসলামি ৩৬ জুলাইয়ের চেতনায় কাজ করছে। যারা জুলাইয়ের চেতনার বিপক্ষে কাজ করছে জনগণ তাদের ভোট দিবে না। বর্তমানে নির্বাচনের মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”
রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন, রাজশাহী-২ আসনে ৯ জন, রাজশাহী-৩ আসনে ৭ জন. রাজশাহী-৪ আসনে ৪ জন, রাজশাহী-৫ আসনে ৮ জন, রাজশাহী-৬ আসনে ৪ জন।


প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫ | সময়: ১:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর