, , ।
ফয়সাল আলমঃ রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত উইমেন্স বাংলাদেশ টি-২০ ক্রিকেট লীগে নর্থ জোন চ্যাম্পিয়ন হয়েছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লীগের শেষ ম্যাচে নর্থ জোন ১০ উইকেটের বিশাল ব্যবধানে সেন্ট্রাল জোনকে পরাজিত করে ৬ ম্যাচ থেকে সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেন্ট্রাল জোন ৬ ম্যাচ থেকে সংগ্রহ করে ৮ পয়েন্ট। ইস্ট জোনের অর্জিত পয়েন্ট ৪ এবং সাউথ জোনের ২। নর্থ জোনের অধিনায়ক সোবহানা মোস্তারী ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
টসে হেরে সেন্ট্রাল জোন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ মাত্র ৯.২ ওভার খেলতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে। সেন্ট্রাল জোন মাত্র ৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের নিগার সুলতানা ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। নিগার সুলতানা করেন ১১ রান। নর্থ জোনের ফারজানা মেধা ৮ রানে ৩ উইকেট দখল করে প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নেন। শরিফা খাতুন ১৬ রানে নেন ২ উইকেট।
জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নর্থ জোন মাত্র ৭.৫ ওভারে কোন উইকেট না হারিয়েই ৫৯ রান সংগ্রহ করে ১০ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করে। নর্থ জোনের শাবমিন সুলতানা ৩২ রানে ও শামিমা সুলতানা ২৭ রানে অপরাজিত থাকেন।