, , ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জেসমিন আরা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে। নিহত গৃহবধূ জেসমিন আরা একই ইউনিয়নের গাইহানা গ্রামের কুবাদ আলীর মেয়ে।
আটক ব্যক্তিরা হলেন, নিহতের স্বামী উজ্জল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)।
নিহতের বাবা কুবাদ আলী বলেন, প্রায় ৭ বছর আগে মেয়ে জেসমিন আরাকে পারিবারিকভাবে কুসুম্বা দীঘিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে উজ্জল হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল জামাই উজ্জল হোসেন সহ তার পরিবারের লোকজন।
তিনি অভিযোগ করে বলেন, সোমবার রাতভর মেয়ে জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে একটি মাইক্রোবাসে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মেয়ের মৃত্যু ঘটে।
এ প্রসঙ্গে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জেসমিনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।