সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিজ বাড়ির সামনে রেল লাইনের উপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার মধ্যরাতে উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় নিজ বাড়ির সামনের রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আমির খসরু ওই এলাকার সাবান আলীর মেজো ছেলে। তিনি পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গেদু মেম্বারের ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, প্রায় ছয় মাস আগে আমির খসরুর বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পরই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। ঘটনার একদিন আগে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।


প্রকাশিত: December 23, 2025 | সময়: 2:53 am | সুমন শেখ