সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ইট ভাটার মাটি কাটাকে কেন্দ্র করে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যাকান্ডের প্রধান আসামী জহুরুল মোল্লা (৫২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মুল হোতা জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লাপাড়া এলাকায় জমির মাটি কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে বিএনপি নেতা বিরু মোল্লা (৬৫) কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। নিহত বিরু মোল্লা ও জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের ছেলে রাজিব আহম্মেদ (৩১) বাদী হয়ে চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার, র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মমিনুর রহমানের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সোমবার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে মামলার মূলহোতা জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আমাদের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গ্রেপ্তার বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রধান আসামি জহুরুল মোল্লা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঈশ্বরদী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে একাধিক এলাকাবাসী জানিয়েছেন।


প্রকাশিত: December 23, 2025 | সময়: 2:52 am | সুমন শেখ

আরও খবর