সর্বশেষ সংবাদ :

জেঁকে বসছে শীত

স্টাফ রির্পোটার: পৌষ মাসের শুরুতেই রাজশাহীসহ দেশের উত্তরের অঞ্চলগুলোতে শীতের প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সকাল ১১ টার আগে সূর্যের দেখা না পাওয়ায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে এবং দোকানপাটও দেরিতে খোলা হচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিনের কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে এবং মানুষ তার প্রভাব অনুভব করছে। তাদের দেওয়া তথ্যনুযায়ী, শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
হিমেল বাতাস বইতে থাকায় দিনের পুরোটা সময় ঠান্ডা অনুভূতি এবং কুয়াশা ছিল অন্যদিনের তুলনায় বেশি। ফলে এপরিস্থিতিতে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে, দোকানপাটও নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে খোলা হয়েছে। হিমেল আবহাওয়া বিশেষত নিম্ন আয়ের মানুষের জন্য দুর্ভোগ তৈরি করেছে। অনেকেই সকালে বাইরে কাজ করতে যাওয়ার সময় শীতের কষ্টের কথা জানিয়েছেন।
রাজশাহী মহানগরীর রেলগেট এলাকার দিনমজুরী আসাদ বলেন,“গত কয়েকদিন থেকে ঠান্ডা একটু বেশিই পড়ছে। সকালে বাড়ি থেকে বের হয়েছিলাম কাজে যাওয়ার জন্য, কিন্তু সকাল থেকেই এই ঠান্ডা বাতাসে কাজ করবো কিভাবে তাই ভাবছি। শীত বেশি হলে আমাদের মত খেঁটে খাওয়া মানুষদের জন্য কষ্ট।”
নগরীর উপশহর এলাকার রিকশাচালক ফরিদ উদ্দিন বলেন,“সকাল বেলা থেকেই শীত বেশি পড়ছে। এজন্য মানুষ বাইরে কম বের হচ্ছে। রাস্তা-ঘাটে মানুষ কম থাকায় আমরা যাত্রী কম পাচ্ছি।”
শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গতকাল রাস্তার পাশে সাধারণ মানুষদের আগুন জ্বালিয়ে শরীর গরম রাখতে দেখা গেছে। এছাড়ও বয়স্ক এবং শিশুরা মোটা কাপড় ও কম্বল জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছিল।
দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে কথা বললে তারা এখনও সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। ফলে গরম কাপড়ের অভাবে তারা নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন বলে জানা যায়। আবহাওয়া অফিসের পর্যবেক্ষকরা জানিয়েছেন, শুক্রবারের তুলনায় শনিবারের তাপমাত্রা আরও কমেছে এবং হিমেল হাওয়া সামান্য সময়ের জন্য স্থায়ী থাকতে পারে, ফলে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন,“গত কয়েকদিনের তুলনায় রাজশাহীতে তাপমাত্রা কমছে এবং হিমেল হাওয়া বইতে থাকায় শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এইরকম আবহাওয়া আরো কয়েকদিন চলবে। সন্ধ্যা সাতটায় পূর্বাভাস দেখা হবে তারপরে আরো বিস্তারিত বলতে পারবো।”


প্রকাশিত: December 21, 2025 | সময়: 1:28 am | সুমন শেখ