বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা ও বিমা সংক্রান্ত অজুহাতে ইরানে গিয়ে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় ভারতীয় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে সব ধরনের মহাদেশীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে এএফসি। একই সঙ্গে ক্লাবটিকে ১ লাখ ডলারের বেশি জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
গত সেপ্টেম্বরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের ম্যাচে ইরানের ক্লাব সেপাহানের মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের অভাবের কারণ দেখিয়ে তারা ইরানে যেতে অস্বীকৃতি জানায়।
এর আগেও ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর ট্রাক্টর এসসির বিপক্ষে ম্যাচ খেলতে ইরানে যায়নি কলকাতার এই ঐতিহ্যবাহী ক্লাবটি। বুধবার এক বিবৃতিতে এএফসির শৃঙ্খলা ও নীতি কমিটি জানায়, মোহনবাগানকে আগামী ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত সব ধরনের মহাদেশীয় দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ক্লাবটিকে ৫০ হাজার ডলার জরিমানার পাশাপাশি এএফসি এবং প্রতিপক্ষ সেপাহান ক্লাবের হওয়া ক্ষয়ক্ষতির জন্য আরও ৫০ হাজার ৭২৯ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মোট জরিমানার পরিমাণ দাঁড়াচ্ছে ১ লাখ ডলারের উপরে।
মোহনবাগান ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য ‘কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস’-এ আবেদন করেছিল। কিন্তু তাদের সেই অনুরোধ নাকচ করে দেয় আদালত। ম্যাচে উপস্থিত না হওয়ায় মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং তাদের আগের সব ম্যাচের ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। এশিয়ার অন্যতম প্রাচীন এই ফুটবল ক্লাবের জন্য এমন নিষেধাজ্ঞা বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।