সর্বশেষ সংবাদ :

হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

সানশাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্ল্যাকার্ড হাতে নারী ও শিশুরা এই কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনটির সভানেত্রী শামীমা বলেন, “চব্বিশের জুলাইয়ে যে রক্ত বাংলাদেশ পেল, ভাবলাম আমাদের নতুন ইতিহাস হল, নতুন স্বাধীনতা হল। ইতিহাস তাহলে পাল্টাল। “আমাদের আবরার, আমাদের আবু সাঈদ, মুগ্ধ, নাফিস, আনাস-এত রক্তের পরেও বাংলা তুমি পরাধীন। আজকে তুমি আমাদের হাতের রক্ত নিলে? তার পরও কি তুমি পবিত্র হওনি? কবে বাংলা আমি তোমাকে আমার করে পাব?”
তিনি বলেন, “কেন তাকে মেরে ফেলা হল? ড. মুহাম্মদ ইউনূস আপনার প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারল না কেন? “প্রধান নির্বাচন কমিশনার হাদির মৃত্যুকে বললেন একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি জানি না, তার সন্তান আছে কি না। যদি থেকে থাকে একবার আপনাকে কল্পনা করতে বলব…কানের পেছন থেকে গুলিটা সামনে দিয়ে যখন বের হয়ে যায়, সেই রক্তাক্ত ছেলের দিকে তাকিয়ে আপনি বলতে পারবেন তো যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা?”
অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি জানান শামীমা। সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম বলেন, “হাদিকে কারা হত্যা করেছে আজ মনে হয় আমরা মিডিয়ার এই যুগে কিছুটা হলেও আমরা স্পষ্ট হয়েছি। নিষিদ্ধ ছাত্রলীগ এবং শাহবাগীরা ওসমান হাদিসসহ বাংলাদেশি শক্তিকে নির্মূল করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়।
“এই মানববন্ধন থেকে তাই বলতে চাই, আমরা নিরাপত্তা চাই-ইন্টেরিয়াম সরকারের কাছে জুলাই যোদ্ধাদের, আমরা নিরাপত্তা চাই প্রত্যেকটি নাগরিকের। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের অকুতোভয় পদক্ষেপ দেখতে চাই।”


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫ | সময়: ১:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ