, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওহাটায় শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উদ্দীপন’ এর উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অংশিজনদের সমন্বয়ে এ সেমিনার অনুষ্ঠিত। উদ্দীপন সু-চলা কর্মসূচির বাস্তবায়নে ও অনুকূল ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।
পবা শাখায় উদ্দীপন আঞ্চলিক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নায়েব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুঠিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরজু খাতুন, মধুসদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন উদ্দীপন আঞ্চলিক অফিস আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। প্রাথমিক স্বাস্থ্য সেবা কর্মসূচির ফাস্ট প্রোগ্রাম অফিসার এন্ড মেডিকেল অফিসার মোঃ আবুল বাসারের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও তর্জমা করেন কাফিউল কাফি (উপবৃত্তি প্রাপ্ত ছাত্র) এবং গীতা পাঠ করেন রোদেলা সাহা ইচ্ছে (উপবৃত্তি প্রাপ্ত ছাত্রী)।
সেমিনারে মানবাধিকার সুরক্ষা এবং জীবনযাত্রার মানউন্নয়নে সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠিকে নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির অধিকার, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরী ও পরবর্তীকালে অর্থের জোগান দিয়ে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকার বিষয়ে আলোকপাত করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, শিশুকে রক্ষা ও ভবিষ্যত উজ্জলের বীজ পরিবারকেই বহন করতে হবে। প্রতিটি শিশুর অধিকার আছে। তাদের শৈশব সুন্দর এবং হাসি-খুশি ভাবে অতিবাহিত করার ও বিদ্যালয়ের আঙ্গিনায় যাওয়ার, পড়াশুনা করার, খেলাধুলা করার অধিকার আছে। কিন্তু শিশুশ্রম এর মতো এক জ্বলন্ত সামাজিক সমস্যার কারনে কিছু সংখ্যক শিশুর শৈশবকাল হারিয়ে যাচ্ছে। সেদিকে সরকার এবং আমাদের নজর দেয়া জরুরী। যদিও বর্তমানে শিশুশ্রম রোধের জন্য সরকার শিশুশ্রম আইন প্রণয়ন করেছেন তথাপিও আমরা আমাদের সমাজ থেকে এই জঘন্য সমস্যাটিকে উপড়ে ফেলতে পারিনি। সেমিনারে বাল্যবিয়ে, যৌতুক, যৌন হয়রানি ও মাদক নিয়েও আলোচনা করা হয় এবং এসবের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়।