বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ইট ভাটার মাটি কাটাকেক কেন্দ্র করে লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরু মোল্লা (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এই হত্যাকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বীরু মোল্লার ছেলে রাজিব মোল্লা সাংবাদিকদের জানান, গত ১৬ ডিসেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোর করে তাদের জমি থেকে ইটভাটার জন্য জোরপূর্বক মাটি কাটা শুরু করে। এ বিষয় জানতে বিএনপি নেতা বীরু মোল্লা বুধবার সকালে জহুরুল মোল্লাকে মাটি কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে উত্যপ্ত বাক্য বিনিময় হয়।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা তাদের কাছে থাকা অবৈধ পিস্তল দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়ে বীরু মোল্লা। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী বীরু মোল্লাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। জানা গেছে, আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও নিহত বিএনপি নেতা বীরু মোল্লা আপন চাচাতো ভাই।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও স্থানীয় বিএনপি নেতা জিয়াউল ইসলাম সন্টু সরদার জানান, আমার দলের একজন ত্যাগী নেতাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা গুলি হত্যা করেছে। তারা আপন চাচাতো ভাই হলেও বিষয়টি দলীয় ভাবে গুরুত্বের সাথে দেখা হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেয়ার জোর দাবিও জানান তিনি।
ঈশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, ইট ভাটার মাটি কাটা নিয়ে দ্বন্দে বিএনপি নেতা বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয়েছে শুনেছি। খবর পেয়েই আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে পুলিশ। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫ | সময়: ১:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর