, , ।
সানশাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন, সেই অভিযোগেও তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন।
সোমবার আপিল বিভাগের সংশ্লিস্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। আপিলে সাজা বাড়াতে আটটি আইনি যুক্তি তুলে ধরেছে প্রসিকিউশন। আপিলের পর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, “আমৃত্যু দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করতে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ আপিল করেছি। এতে আটটি ‘গ্রাউন্ড’ আনা হয়েছে।”
তিনি বলেন, “রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। আমরা এর আগেই আপিল করেছি। আপিলের ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। আশা করছি, এর মধ্যেই আপিলটি নিষ্পত্তি হবে।” গাজী তামিম বলেন, “এই অপরাধের নৃশংসতার গভীরতার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ড অপরিপক্ক বা কম হয়েছে। অতএব এ ধরনের ভয়াবহ অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। “এ আইনে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মৃত্যুদণ্ডকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ, তাদের নির্দেশ বা উসকানিতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ শহীদ ও ২৫ হাজারের বেশি আহত হয়েছেন।”