, , ।
স্টাফ রিপোর্টার: বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ধানের শিষের এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, শিক্ষক শুধু পাঠদাতা নন-তাঁরা স্বপ্নের কারিগর। তাঁদের হাতে গড়ে ওঠে মূল্যবোধ, নৈতিকতা আর জীবনের সঠিক পথচলার মানচিত্র। তবু শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হলেও বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক আজ অবহেলার ছায়ায় ঢাকা। দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন ও অনাদরের শিকার আপনারা। এমন বাস্তবতায় শিক্ষকদের সম্মানের জন্য ভাল প্লাটফর্ম দরকার। বারী গ্রুপ, সেলিম গ্রুপ কেন? শিক্ষক গ্রুপ হবে একটাই-সেটাই শিক্ষকগ্রুপ। সেখানে শিক্ষকদের সকল ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন হবে।
তবে আজকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বারী) গ্রুপের চেক বিতরণ অনুষ্ঠান মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো। তবে এরসাথে বার্ষিক অনুষ্ঠানে প্রকৃত ও আদর্শ অর্থাৎ যিনি এই পেশাকে ধ্যান-জ্ঞান মনে করেন সেইসব শিক্ষককে সমিতির পক্ষ থেকে সম্মাননা দিলে আরো ভাল হবে। এটি জাগাবে শিক্ষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ, আর কিছুটা হলেও ফিরিয়ে দেবে শিক্ষকের প্রাপ্য মর্যাদার দীপ্তি। তিনি সোমবার মোহনপুরের মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বারী) মোহনপুর শাখার অবসরগ্রহণকারি শিক্ষক কর্মচারীগণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শিক্ষকতা নেশার সঙ্গে পেশার মিশেল। সাধারণের দুটো চোখ, কিন্তু শিক্ষকের তিনটা চোখ। তিনি অন্তর্চক্ষু দিয়ে তাঁর ছাত্রের ভালো-মন্দ, দুর্বলতা-সবলতা দেখতে পান। আমাদের ছোটবেলায় অভিভাবকের চেয়ে শিক্ষকেরা আমাদের দিকে নজর দিতেন বেশি। এখন শিক্ষকদের চেয়ে অভিভাবক বেশি নজর দেন।’
বিষহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে ও মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সমিতির রাজশাহী জেলা শাখার আহবায়ক হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার, সমিতির রাজশাহী জেলা শাখার সদস্য সচিব শাহাদত হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।
বক্তব্য রাখেন শিক্ষক এমদাদ হোসেন, সাদিকুল ইসলাম, সাইদুর রহমান, আয়েজ উদ্দিন, সুলতানা মেহেবুবা শাপলা, জামাল বিশ্বাস, মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাবুল আক্তার, প্রধান শিক্ষক নওশাদ আলী, প্রধান শিক্ষক লোকমান আলী, প্রধান শিক্ষক আব্দুস ছামাদ মোল্লা, প্রধান শিক্ষক মো. এনামুল হক, প্রধান শিক্ষক মকবুল হোসেন, বসন্তকেদার বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, প্রধানশিক্ষক মো. নাজিমুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ হাফিজুর রহমান।