পবায় উৎসব, ঐতিহ্য আর বিজয়ের গল্পে মুখর উপজেলা মেলা চত্বর

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এই মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, এবারের বিজয় মেলায় মোট ১২টি স্টল বসানো হয়েছে। উপজেলা চত্বরজুড়ে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোর প্রতিটির মাথায় একই নকশায় ‘বিজয় মেলা’ লেখা নামফলক রয়েছে। শুধু স্টল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর নাম আলাদা করে উল্লেখ করা হয়েছে। প্রথম দিনের মেলায় বিক্রয়কর্মীরা স্টল সাজানো ও পণ্য প্রদর্শনে ব্যস্ত সময় পার করেন। ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকাশনার বই, নান্দনিক দেশজ পণ্য, বুটিকস ও হস্তশিল্প, চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী দেশীয় পিঠার সমাহার। এসব পণ্য মেলায় আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বসানো পিঠা স্টলটি মেলার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। সেখানে পাটিসাপটা, পাকওয়ান, পুলি পিঠা, ভাপা পিঠা, পায়েস, তিলের কটকটি, নারিকেলের নাড়ু, বিস্কুট পিঠা, ফুল পিঠা, জামাই পিঠা ও ডিম আলুর কাবাবসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা পাওয়া যায়। এ ছাড়া বড়গাছি মহিলা সমবায় সমিতির উদ্যোগে পিঠা, আচার ও সবজির স্টল বসানো হয়েছে। অনিন্দ্য প্রকাশনার মার্কেটিং ম্যানেজার গোলাম কিবরিয়ার উদ্যোগে বসানো বইয়ের স্টলে বিভিন্ন বিষয়ের বই প্রদর্শিত হচ্ছে। বইপ্রেমীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫ | সময়: ১:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ