সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট হানাদার মুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: আজ ১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে জয়পুরহাট জেলা পাক হানাদার মুক্ত হয়। আজকের দিনে লাল-সবুজের ভেতরে স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উড়িয়ে হানাদারমুক্ত ঘোষণা করা হয় জয়পুরহাট জেলাকে।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শীতের ঘন কুয়াশা মোড়ানো নতুন সূর্য ওঠা ভোরের উজ্জল আলোয় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভূঁইডোবা গ্রামের সীমান্ত অতিক্রম করেন দেড় শতাধিক মুক্তিযোদ্ধার দল। যাদের নেতৃত্বে ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত বাঘা বাবলু। তবে এর আগেই পরাজয়ের গ্লানি নিয়ে জয়পুরহাট জেলার সীমানা অতিক্রম করে পালিয়ে যায় পাক বাহিনী।
জয়পুরহাটে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনের নায়ক জয়পুরহাট শহরের খনজনপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত খন্দকার আসাদুজ্জামান বাবলু (বাঘা বাবলু)। মুক্তিযুদ্ধে তার সাহসী ভূমিকার জন্য তিনি পরিচিত হয়ে ওঠেন বাঘা বাবলু নামে।
অপরদিকে পায়ে হেঁটে বিকেলে জয়পুরহাট শহরে পৌঁছে পুরনো ডাক বাংলো চত্বরে মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত বাঘা বাবলু স্বাধীন বাংলার পতাকা ওড়ান।
জয়পুরহাট জেলাকে হানাদারমুক্ত করতে যেসব অকুতোভয় বীর সুর্য সন্তানেরা নিজের আত্নোৎসর্গ করেছিলেন, তাদের স্মরণে পরবর্তীতে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নির্মাণ করা হয় ৭১ ফুট উচ্চতার মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। এ ছাড়াও পরবর্তী সময়ে জেলা প্রশাসন চত্বরে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ।
এছাড়া আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে জয়পুরহাট সদর উপজেলার পাগলা দেওয়ান বধ্যভূমিতে সকাল ৮টায় এবং কড়ই কাদিরপুর বধ্যভূমিতে সকাল ১০ টায় পু®পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন সহ নানা কর্মসূচি পালন করবে জেলা প্রশাসন।


প্রকাশিত: December 14, 2025 | সময়: 1:21 am | সুমন শেখ