সর্বশেষ সংবাদ :

ভূমিহীনের নামে লীজকৃত জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ডাক্তার মহল্লার মৃত জশাই প্রামানিকের ছেলে ভূমিহীন ওমর আলীর লীজকৃত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তী কসবা মহল্লার মৃত সৈয়দ আলীর ছেলে আনিছার রহমানের বিরুদ্ধে। ওমর আলীর নামীয় সরকারের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য কবুলিয়াত বন্দোবস্ত করে নেয়া জমি দখলের অভিযোগে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভূমিহীন ওমর আলী বলেন, আনিছার রহমান প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক আমার লীজকৃত জমিতে ঘর নির্মাণ করেছেন। ১৯৯৪ সালে সরকারের পক্ষে ডেপুটি কমিশনার, রাজশাহী বাংলা ১৪০১-১৫০০ সন পর্যন্ত নিরানব্বই বছরের জন্য কবুলিয়াত সম্পন্ন করে দেয়।
ওমর আলী আরও বলেন, আমি একজন বয়স্ক অসুস্থ মানুষ। আমার পাশে দাঁড়ানোর মত তেমন কেউ নাই। এ ব্যাপারে এর আগে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। আনিছার তার দখলকৃত জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি। স্থানীয় কয়েক ব্যাক্তি এ বিষয়ে আনিছারের পক্ষ নিয়ে বিষয়টি ধাপাচাপা দেয়ার চেষ্টা করছে। সরকার আমার নামে দলিল করে দিয়েছে। আমি জমিটি খারিজ করেছি। নিয়মিত খাজনা প্রদান করে আসছি। প্রস্তাবিত খতিয়ান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি কবুলিয়াত প্রাপ্ত জমি দখলমুক্ত করে তাকে বুঝিয়ে দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও দখলদার আনিছার সহ অন্যদের বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন।


প্রকাশিত: December 14, 2025 | সময়: 1:21 am | সুমন শেখ