সর্বশেষ সংবাদ :

শিক্ষার্থীদের মূল্যবোধে সুনাগরিক হতে হবে: নুরুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দিতে ‘অরবিট শিক্ষা পরিবার’ এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতিমূলক কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
অরবিট শিক্ষা পরিবারের পরিচালক আলাউদ্দিনের সভাপতিত্বে এবং ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক, দাওকান্দি শাখার সভাপতি মোকাররম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রিধারী রনি হক, হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ‘শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনের কারিগর। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’ তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে নুরুজ্জামান লিটন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষানুরাগী ও সমাজের সূধীজনরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: December 14, 2025 | সময়: 1:20 am | সুমন শেখ