বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুতেই রীতিমতো ঝড় তুলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভাব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রেকর্ড গড়া এক ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মাত্র ১৪ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার।
শুক্রবার দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতের ইনিংসের শুরুটা ছিল ধীর। প্রথম রান পেতেই লেগে যায় ছয় বল। তবে এরপর আর পেছনে তাকাননি সূর্যবংশী। বোলারদের ওপর চড়াও হয়ে ৫৬ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯৫ বলে ১৭১ রান করে আউট হন তিনি। তার এই ইনিংসে ছিল ১৪টি ছক্কা ও ৯টি চার।
এই ইনিংসের মধ্য দিয়ে যুব ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড গড়েছেন সূর্যবংশী। আগের রেকর্ড ছিল ১২ ছক্কার, যা ২০০৮ সালের যুব বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে করেছিলেন অস্ট্রেলিয়ার মাইকেল হিল। ভারতের হয়ে যুব ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটিও আগে থেকেই ছিল তার দখলে।
এর আগেও রেকর্ড ভাঙার নজির আছে সূর্যবংশী। চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে যুব ওয়ানডেতে তিনি ৭৮ বলে ১৪৩ রান করেছিলেন। সেই ম্যাচে তার ছক্কা ছিল ১০টি। ওই দিনই তিনি ৫২ বলে সেঞ্চুরি করে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন, যা আগে ছিল পাকিস্তানের কামরান গুলামের দখলে।
এবারের ৫৬ বলে করা সেঞ্চুরিটি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। যদিও ভারতের হয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি অল্পের জন্য ভাঙতে পারেননি তিনি। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৭৭ রান করেছিলেন আম্বাতি রায়ডু, যা এখনো শীর্ষে আছে।
ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও তৈরি হয়েছিল সসূর্যবংশীর সামনে। তিনি যখন ১৭১ রানে বোল্ড হন, তখনও ভারতের ইনিংসে বাকি ছিল ১৭ ওভার। তবে তার বিদায়ের পরও ভারতের ব্যাটিং থামেনি। এই ম্যাচে ভারত ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ৪৩৩ রান। যুব ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সব দেশ মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৮ যুব বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড করেছিল ৪৩৬ রান এবং ২০০২ আসরে একই প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়া করেছিল ৪৮০ রান। ভারতের আগের সেরা স্কোর ছিল ২০০৪ যুব বিশ্বকাপে ঢাকায় স্কটল্যান্ডের বিপক্ষে করা ৪২৫ রান।
গত এক বছর ধরেই ধারাবাহিকভাবে আলোচনায় সূর্যবংশী। গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে তিনি ৫৮ বলে সেঞ্চুরি করেন, যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। আইপিএলের সর্বশেষ নিলামে ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যের এই কিশোরকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। পরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বে বড় আলোড়ন তোলেন তিনি।
গত মাসে দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪২ বলে ১৪৪ রান করেন সূর্যবংশী, যেখানে ছিল ১৫টি ছক্কা ও ১১টি চার। তার আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে মহারাষ্ট্রের বিপক্ষে ৬১ বলে ১০৮ রান করে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। সব মিলিয়ে, বয়সটা কেবল সংখ্যা বলেই প্রমাণ করে চলেছেন বৈভাব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুতেই তার ব্যাটিং এখন টুর্নামেন্টের বড় আলোচনার বিষয়।