বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে একটি অনিবন্ধিত দোকানে অতিরিক্ত দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মেসার্স আব্দুল্লাহ তাহাসিন ট্রেডার্স থেকে ১৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচুপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অনিবন্ধিত দোকানে অবৈধ সার মজুদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদুর রহমান।
অভিযোগের ভিত্তিতে দোকান ঘরে তল্লাশি চালিয়ে ১০ বস্তা ইউরিয়া, ২ বস্তা ডিএপি এবং এক বস্তা এমওপি সার জব্দ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের বালাইনাশকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ তালিকা প্রস্তুত ও জব্দকৃত সার পরবর্তীতে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হবে বলে জানানো হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, অনিবন্ধিত দোকানে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৩ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। আগামীতে কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার পান, সে জন্য নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, মোবাইলকোর্ট আইন ২০০৯ অনুযায়ী সারগুলো জব্দ করা হয়েছে। সার গুলো ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা হবে।