সাংবাদিক নির্যাতনকারী সেই নুরবানু অবশেষে কারাগারে

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর পরিকল্পিত হামলার মামলায় গ্রেপ্তার হওয়া মহিলা মেম্বার নুরবানুর জামিন নামঞ্জুর করেছেন চীফ জুডিশিয়াল আমলী আদালত-২ বিচারক বেগম ক্যাথরিন গমেজ।
বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে আয়মা রসুলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেপ্তার করে পুলিশ। হামলার মামলায় আরেক আসামি আনোয়ার মেম্বারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি রাগান্বিত হয়ে তার পথ রোধ করে। একপর্যায়ে তারা গালাগালি করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।
হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমাকে ভয়ভীতি দেখিয়ে
হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি চাই এ ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার হোক।
জানা যায়, গত ৩০ মে ২০২৫ এনটিভি অনলাইনে প্রকাশিত মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার শীর্ষক সংবাদকে কেন্দ্র করে নুরবানু এবং আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সেই ক্ষোভ থেকেই সাংবাদিক মনোয়ারের ওপর পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫ | সময়: ৩:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর