সর্বশেষ সংবাদ :

এ প্লাস’ ক্যাটাগরি হারাচ্ছেন কোহলি-রোহিত, কমছে বেতন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে তাদের ক্যাটাগরি বা গ্রেড কমে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণ কমে যাওয়ায় তাদের সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। বিসিসিআই সাধারণত চারটি ক্যাটাগরিতে (এ প্লাস, এ, বি এবং সি) খেলোয়াড়দের বার্ষিক চুক্তি প্রদান করে। ২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ চুক্তি ঘোষণা করা হলেও, পরবর্তী চক্রে কোহলি ও রোহিতের বেতন কমার গুঞ্জন এখনই শুরু হয়ে গেছে।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরি সাধারণত সেই সব খেলোয়াড়দের জন্য সংরক্ষিত, যারা তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) নিয়মিত এবং অপরিহার্য। বর্তমানে বিরাট ও রোহিত দুজনেই ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন, যার বার্ষিক রিটেইনারশিপ বা বেতন ৭ কোটি টাকা।
তবে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এবং টেস্ট ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়ার কারণে এই দুই তারকাকে এখন আর তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে বিবেচনা করা কঠিন হয়ে পড়ছে। যদি তারা ‘এ’ ক্যাটাগরিতে নেমে যান, তবে তাদের বার্ষিক বেতন হবে ৫ কোটি টাকা। অর্থাৎ, প্রত্যেকের আয় ২ কোটি টাকা করে কমে যাবে।
অন্যদিকে, ভারতের বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে উন্নীত করা হতে পারে। তিন ফরম্যাটেই তার ধারাবাহিক উপস্থিতি এবং অধিনায়কত্বের দায়িত্ব তাকে এই প্রিমিয়াম ব্র্যাকেটের দাবিদার করে তুলেছে। এছাড়া রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট দলের নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তার ‘এ প্লাস’ ক্যাটাগরি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


প্রকাশিত: December 12, 2025 | সময়: 3:02 am | সুমন শেখ