সর্বশেষ সংবাদ :

রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় নিহত ১

স্টাফ রির্পোটার: রাজশাহীতে বালু বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরে উত্তেজিত জনতা রাজশাহীর চৌদ্দপাই এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। গত বুধবার রাত পৌনে ১০ টার দিকে তারা সড়ক অবরোধ করে। প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হলে বিকল্প পথে যানবাহন চলাচল শুরু করে। এরআগে রাত ৭ টা ৫৫ মিনিটে কাটাখালী থানার শ্যামপুর চেয়ারম্যানের মোড়ে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শহিদুলের। তিনি শ্যামপুর পশ্চিমপাড়া সাইদের মোড়ের আল শেখের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালান।
স্থানীয়রা জানান, এশার নামাজের পরে তিনি বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় তাকে বালু বোঝায় একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা নিহতের ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজশাহী-নাটোর মহাসড়কের চৌদ্দপাই এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় তারা ট্রাক আটক এবং চালকের শাস্তির দাবী জানান। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আধাঘণ্টা পর পুলিশ তাদের বুঝিয়ে সড়ক ফাঁকা করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। ১০ টা ২০ মিনিটের দিকে তারা চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাটাখালী থানার ওসি আবদুল মতিন বলেন, নিহতের পরিবার থানায় এসেছিল। তারা কোন অভিযোগ করতে চাননি। তারা নিহতের মরদেহ দেয়নি। কোন অভিযোগ করবে না মর্মে লিখিত দিয়ে গেছে।


প্রকাশিত: December 5, 2025 | সময়: 9:30 am | সুমন শেখ

আরও খবর