, , ।
আলামিন খান,জাবি:
ষড়ঋতুর রদবদলে শীতের আগমন,ঠান্ডা মেখে শীতের বায়ু বইছে যে শনশন। শীত মানেই এক অন্যরকম অনুভূতি। আর এই অনুভূতিকে আরো অধিক তীব্রতর করে দেয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত ও দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইট কাঠে ঘেরা শহর ঢাকার মাঝে জাবি যেনো এক সবুজে ঘেরা নৈসর্গিক সমারোহ। শহরে এখনো শীতের তীব্রতা ততটা নয় তবে জাহাঙ্গীরনগরের চিত্রটা একবারেই ভিন্ন। প্রতিবারের মতো এবারো জাবিতে শীত এসেছে আগেভাগেই।
কুয়াশার চাদর মুড়ি দিয়ে গুটিশুটি পায়ে শীত আসার শুরুতেই আসতে শুরু করেছে অতিথি পাখিরা। সাইবেরিয়ার তীব্র শীত থেকে বাঁচতে প্রতিবছর অতিথি পাখির আসর বসে এখানকার লেকগুলোতে। আর এখানকার লেকগুলোও যেনো পাখিদের স্বাগত জানানোর জন্য প্রস্তত ছিল আগে থেকেই। লাল শাপলা হাসিমুখে স্বাগত জানিয়েছে এই অতিথি পাখিদের। লেকগুলোতে কচুরিপানার সঙ্গে ফুটন্ত সাদা ও লাল শাপলা দেখলে সবারি হয়তো মনে পরে যাবে শৈশবের দুরন্তপনার দিনগুলোর কথা। এসময় প্রতিটি আঙ্গিনায় গাঁদা,সূর্যমুখী, গোলাপ, চন্দ্রমল্লিকা,জিনিয়া, জুঁই, চামেলি,টগর, জবা প্রভৃতি ফুল সোভাবর্ধন করে থাকে। রঙিন ফুলের পাপড়িতে উড়ে বেড়ায় নানা রঙের প্রজাপতি।
ভোরবেলায় কুয়াশায় ঢাকা ক্যাম্পাসে শীতের চাঁদর মুড়ি দিয়ে ছোট ছোট ঘাসের উপরে জমে থাকা শিশিরের উপর দিয়ে খালি পায়ে হাটলে মন হয় যেনো সপ্নের শহরে বিরাজ করছি। এমন পরিবেশে এক গ্লাস খেজুরের রস এনে দেয় অমৃতের সাধ। জাবির খেলার মাঠগুলোসহ বিভিন্ন খোলা মাঠে চলছে শীতের বিশেষ ক্রিড়া ব্যাডমিন্টন খেলার প্রস্ততি, যা বিনোদনের পাশাপাশি ঠান্ডা শরীরকে গরম করতে বিশেষ কার্যকরী। রাত হলেই আগুন জ্বেলে তার চারপাশে বসে ছেলে – মেয়েদের গল্প ও গান করার দৃশ্য সবাইকে মুগ্ধ করে।
জাবিতে শীতের আরেক বড় আকর্ষণ পিঠার দোকানগুলো। বিশ্ববিদ্যালয়ের বটতলা, অমর একুশে গ্রন্থাগারের সামনেসহ প্রায় প্রতিটি হলের সামনে ও রাস্তার আশেপাশে এসব পিঠার দোকানগুলো বসে। এসব দোকানে ভাঁপা, চিতই, পাটিসাপটা, তেলের পিঠা,
মাশরুম, মাংসপুলি, পিয়াজু, আমদাসা, নকশি প্রভৃতি পিঠা বিক্রি হয়।
এছাড়া জাবিতে শীত মানেই সাংস্কৃতিক উৎসবের ধুম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার, জলসিঁড়ি,
ধ্বনি, আনন্দন,গীতনাট,জুডো,জাডস প্রভৃতি সাংস্কৃতিক সংগঠনগুলোর সাংস্কৃতিক কর্মসূচির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ক্যাম্পাসবাসীকে শীতের আগমনী বার্তা পৌঁছে দিয়েছে।
সানশাইন /শামি