সর্বশেষ সংবাদ :

বিজয়ের মাস ডিসেম্বর

সানশাইন ডেস্ক : আজ ৪ ডিসেম্বর। ১৯৭১-এর এদিন থেকেই শুরু হয়ে যায় দেশমাতৃকা মুক্তির সর্বাত্মক যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের এদিন একসঙ্গে স্থলভাগ, কূটনৈতিক এবং স্নায়ুযুদ্ধ মোকাবেলা করতে হয়েছিল।
একদিকে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী পাক হানাদারদের ওপর প্রবল বিক্রমে আক্রমণ শুরু করে। ফলে পায়ের তলার মাটি সরে যেতে থাকে পাকিস্তানি হানাদারদের।
অন্যদিকে অনিবার্য পতন আঁচ করতে পেরে পাকিস্তানের তৎকালীন অভিভাবক যুক্তরাষ্ট্রের পক্ষে হেনরি কিসিঞ্জার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের দাবি সংবলিত মার্কিন প্রস্তাব পেশ করার প্রস্তুতি নেন। এদিনই বাংলাদেশের প্রবাসী সরকার বাংলাদেশের বৈশ্বিক স্বীকৃতির উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ভারতসহ বিভিন্ন দেশে বাংলাদেশের স্বীকৃতির জন্য পত্র লেখা হয়েছিল।
একাত্তরের ৪ ডিসেম্বরে এভাবে একসঙ্গে তিন ফ্রন্টে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়। এরপর অবশ্য পাকিস্তানিরা মাত্র ১৩ দিন টিকেছিল বাংলার দামাল ছেলেদের সামনে। যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জ্বলজ্বল করছে ৪ ডিসেম্বর।
আগের দিন ভারতে আক্রমণ চালিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। এ আক্রমণের মাধ্যমে তারা চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধের গতি ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে।
বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছিল, ভারতের আগ্রাসন থেকে বাঁচতে তারা এ আক্রমণ করেছে। কিন্তু পাকিস্তানি শাসকরা নিজেরাই ফেঁসে যায়। তাদের এ অলীক গল্প বিশ্বের কেউ আমলে নেয়নি। রাতে দেয়া ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বেতার ভাষণে বাংলাদেশের প্রতি তার সমর্থন স্পষ্ট হয়ে উঠেছিল।


প্রকাশিত: December 4, 2025 | সময়: 7:32 am | সুমন শেখ

আরও খবর