সর্বশেষ সংবাদ :

রাবিকে প্রতিবন্ধীবান্ধব করার সিদ্ধান্ত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাবিতে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে ২ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৪তম সভায় উপরিউক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
গৃহীত সিদ্ধান্তের মধ্যে আছে, সকল একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হল ও মিলনায়তন, ক্যাফেটেরিয়া, জুবেরী ভবন ও সিনেট ভবনে প্রতিবন্ধীদের প্রবেশের জন্য র‌্যাম্প সংযুক্ত করা এবং প্রতিবন্ধীদের যেতে হয় এমন সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে লিফট স্থাপনের ব্যবস্থা করা। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে আবাসিক হলে সিট বরাদ্দ করা, প্রতিটি হলের নিচতলায় ওয়াশরুমের পাশের রুমগুলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা। চাহিদা বিবেচনা করে অসচ্ছল মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষায় সময় বৃদ্ধির প্রচলিত বিধান অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শসহ বিভাগসমূহে পত্র প্রেরণ। আবাসিক হলসমূহের প্রতিটি ব্লকে এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহের নিচতলায় কমপক্ষে একটি ওয়াশরুমে হাই-কমোডের ব্যবস্থা করা। বিভাগ ও ইনস্টিটিউটসমূহ ও রাবি গ্রন্থাগারে শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ রয়েছে এমন কম্পিউটারে প্রয়োজনীয়তার ভিত্তিতে জজ সফটওয়ার যুক্ত করা। বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য প্রযোজ্য সরকারি নীতি অনুসরণে লক্ষ্য রাখা। শ্রবণ পরীক্ষার যন্ত্রপাতির সুবিধাসহ মেডিকেল সেন্টারে নাক, কান, গলা বিশেষজ্ঞ-সেবা প্রদানের ব্যবস্থা করা।


প্রকাশিত: December 4, 2025 | সময়: 7:29 am | সুমন শেখ

আরও খবর