সর্বশেষ সংবাদ :

আক্কেলপুরে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রিবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকার আমুট্ট কেদ্রীয় বাস স্ট্যান্ডে বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, যান্ত্রিক ত্রুটির মাধ্যমে বাসে অগ্নিকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।
বাস মালিক, স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর-বগুড়া রুটে চলাচলকারী আল্লাহর দান পরিবহন বাসটি মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে যাত্রি পরিসেবা শেষ করে আমুট্ট কেদ্রীয় বাস স্ট্যান্ডে রেখে চালক ও শ্রমিকরা বাড়ি চলে যায়। অন্য বাসে থাকা বাস শ্রমিকরা বুধবার ভোর ৪ টার দিকে ওই বাসে আগুন দেখতে পান।
এসময় স্ট্যান্ডে থাকা বাস শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করে ব্যর্থ হন। তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে প্রায় ৩০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে নিভিয়ে ফেলেন। এতে বাসের ভেতরের অংশ পুরোপুরি পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সিদ্দিক নামের বাস শ্রমিক বলেন, আমি পাশের জনকল্যাণ পরিবহন বাসে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে ঘুম থেকে উঠে আল্লাহর দান পরিবহন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও বাস মালিককে ফোনে খবর দেই। ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নিভিয়ে ফেলেন। ওই বাসে কেউ না থাকায় কোন অঘটন ঘটেনি।
বাস মালিক আফজাল হোসেন বলেন, ভোর রাতে বাসটিতে আগুন লেগে ভেতরের পুরো অংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লাগলো তা এখনো জানতে পারিনি। এতে আমার কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বগুড়া জেলা বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাদু বলেন, আক্কেলপুর-বগুড়া রুটে চলাচলকারী সকল বাস এই স্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় থাকে। বুধবার ভোর রাতে কে বা কারা ওই বাসে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় শ্রকিরা আগুন নিভিয়ে ফেলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভোর রাতে বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে কথা হয়েছে। নাশকতা না স্বাভাবিক অগ্নিকান্ড ঘটেছে তা উদঘাটনে আমরা তদন্ত করছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, বুধবার ভোর চার টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনে সম্পুর্ণ নিভিয়ে ফেলি। উত্তপ্ত ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির মাধ্যমে অগ্নিকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এতে বাসের সামনের অংশ এবং ভেতরের পুরোপুরি পুড়ে গেছে।


প্রকাশিত: December 4, 2025 | সময়: 7:18 am | সুমন শেখ