বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: রাঁচির পর এবার রায়পুর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৯০ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ৩৭ বছর বয়সী এই রান মেশিন।
এটি ওয়ানডে ক্রিকেটে কোহলির ৫৩তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম শতক। এর মাধ্যমে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির সর্বকালের রেকর্ডের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন তিনি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে রাঁচিতে তিনি ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন।
ওয়ানডে ইতিহাসে এটি একাদশবারের মতো ঘটনা, যেখানে কোহলি টানা দুই ম্যাচে সেঞ্চুরি (ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি) করলেন। ৫০ ওভারের ক্রিকেটে অন্য কোনো ব্যাটারের এতবার এই কীর্তি গড়ার নজির নেই। নিজের অবিশ্বাস্য ধারাবাহিকতা দিয়ে সমালোচকদের আবারও কড়া জবাব দিলেন সাবেক এই ভারত অধিনায়ক।
ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়েও বড় উন্নতি হয়েছে কোহলির। সতীর্থ শুভমান গিলকে টপকে তিনি উঠে এসেছেন চতুর্থ স্থানে। বর্তমানে শীর্ষস্থানে থাকা ভারত অধিনায়ক রোহিত শর্মার চেয়ে মাত্র ৩২ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি। ২০২১ সালের এপ্রিলের পর থেকে শীর্ষস্থান হারানো কোহলি আবারও ১ নম্বর হওয়ার দৌড়ে ফিরেছেন।
তালিকায় রোহিত শর্মার পরেই দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং তৃতীয় স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। অন্যদিকে, বোলারদের র্যাংকিংয়েও সুখবর পেয়েছে ভারত। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।