সর্বশেষ সংবাদ :

বিএনপি-জামায়াতের সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলিবর্ষণ : ঈশ্বরদীতে জামায়াতের সেই অস্ত্রধারী তুষার মন্ডল গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি বর্ষণকারী আগ্নেয়াস্ত্রধারী জামায়াত কর্মী তুষার মন্ডল (২২) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার জে সি রোডের মতিন সাহেবের ঘাট সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের সময় অস্ত্র হাতে এক যুবকের গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেই ঘটনার পর থেকেই আগ্নেয়াস্ত্রধারী ওই যুবকের পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তাকে মাঠে নামে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ডিবি সুত্র জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তি, স্থানীয় সোর্স ও দীর্ঘ ট্র্যাকিংয়ের মাধ্যমে তুষার মন্ডলের অবস্থান শনাক্ত করা হয়। ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে এস আই বেনু রায় ও এসআই অসিত কুমার বসাক সহ একটি চৌকস টিম সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তুষার মন্ডল ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মহল্লার তাহের মন্ডলের ছেলে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুষার মন্ডল তার হেফাজতে থাকা একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে ভেলুপাড়া এলাকায় রবিউল ইসলামের ফাঁকা জমিতে, আতিকের ইটের প্রাচীরের পশ্চিম পাশে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লোডেড পিস্তল ও ম্যাগাজিনসহ দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সুত্র জানায়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি মোড় এলাকায় রাজনৈতিক বিরোধ নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। সে সময় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে জামায়াত কর্মী তুষার মণ্ডল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা গেলে সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি এলাকায় তীব্র উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি করে।
বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব দাবি করেন, ‘প্রকাশ্যে দিবালোকে তুষার মণ্ডল আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। সে জামায়াত নেতা তালেব মণ্ডলের ভাতিজা মামুন মন্ডলের ঘনিষ্ঠ সহচর।’
ঘটনার পর বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি পৃথক মামলা দায়ের করে যেখানে ৭১ জনকে নামীয় ও চার শতাধিক অজ্ঞাতনামাকে আসামি করা হয়। তুষারকে ২৯ নভেম্বর দায়ের হওয়া মামলায় ৬ নম্বর আসামি করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানিয়েছেন, তুষার মন্ডলের পরিচয় নিশ্চিত হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সংঘর্ষের সময় লুট হওয়া অর্ধশতাধিক মোটরসাইকেলের মধ্যে গত শনিবার বিকেলে চরগড়গড়ি এলাকার একটি বাঁশঝাড় ৯টি, গত সোমবার ৭টি, মঙ্গলবার ১টি এবং ঘটনাস্থল থেকে আগুনে পোড়া সহ মোট ২১টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। অন্যদিকে বিএনপির দায়ের করা মামলায় গত সোমবার এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল সহ সকল নেতাকর্মীর জামিন মঞ্জুর করে পাবনা আমলী আদালত।
এদিকে সংঘষ পরবর্তী টানাপোড়েন এখনও কাটেনি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দিন দিন বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।


প্রকাশিত: December 3, 2025 | সময়: 1:35 am | সুমন শেখ

আরও খবর