সর্বশেষ সংবাদ :

আদিনা কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: আদিনা ফজলুল হক সরকারি কলেজে রবিবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে জমজমাট এই শিরোপা নির্ধারণী ম্যাচে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। ম্যাচের একমাত্র গোলটি করেন ইতিহাস বিভাগের দক্ষ খেলোয়াড় মাসুম পারভেজ।
প্রতিবছরের মতো এবারও কলেজের ১০টি বিভাগ ও শ্রেণির সমন্বয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। অংশগ্রহণকারী দলগুলো ছিলÍরাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, ইংরেজি, একাদশ শ্রেণি, দ্বাদশ শ্রেণি এবং স্নাতক (পাস) দল।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলসহ সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. লুৎফর রহমান সহ কমিটির সদস্য ও শিক্ষকরা।
ম্যাচ পরিচালনা করেন রেফারি মানিক, রউফ ও সেলিম। ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন ইতিহাস বিভাগের গোলদাতা মাসুম পারভেজ এবং ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন শাকিল।
খেলায় জয়-পরাজয় থাকলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও খেলোয়াড়সুলভ মনোভাব কলেজের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে বলে জানান আয়োজকরা।


প্রকাশিত: December 1, 2025 | সময়: 7:24 am | সুমন শেখ