চার বছরের শিশুকে পিটিয়ে হত্যা করলো সৎ মা

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে নাঈম হোসেন নামের সাড়ে বছর বয়সী একটি শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি রোববার দুপুরে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা জাহানারা বেগমকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে। বিকেলে শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। ঘটনার পর থেকে বাবা জলিল শেখ পলাতক রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জলিল শেখের প্রথম স্ত্রী তিন কন্যা সন্তান রেখে দশ থেকে বারো বছর আগে মারা যান। পরে শিশু নাঈমের মা লিপি বেগমকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর ৪ বছর আগে দুই সন্তান রেখে তিনিও মারা যান। এরপর বাবা জলিল শেখ ৩ বছর আগে আবারও জাহানারা বেগমকে তৃতীয়বার বিয়ে করেন।
তখন থেকেই নাঈমসহ তার সৎ দুই সন্তানকে সহ্য করতে পারছিলেননা তৃতীয় স্ত্রী জাহানারা। বিভিন্ন সময়ে কারনে অকারনে নাঈম ও তার বোন জান্নাতুনকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করতো। এর জের ধরে রোববার বেলা ১১ টার দিকে তার বাবার অনুপস্থিতিতে নাঈমকে বাসার ভেতরে বেধরক মারপিট করে। পরে নাঈম নিস্তেজ হয়ে পড়লে প্রতিবেশীদের ডাক দেন। প্রতিবেশীরা এসে ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের কালচে দাগ ও মাথায় রক্তাক্ত গভীর ক্ষত দেখতে পান তারা।
প্রতিবেশী নাজমিন আক্তার নাজু বলেন, সৎ মা জাহানারা বেগম আমাদের এসে ডাকা ডাকি করলে তাদের বাসায় গিয়ে নাঈমকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখি। ততক্ষণে সে মারা গেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় মারপিটের কালচে দাগ ও মাথায় রক্তাক্ত গভীর ক্ষত দেখতে পাই।
নিহত নাঈমের মামা ফিরোজ হোসেন বলেন, আমার ভাগিনা নাঈমকে তার বাবাসহ সৎ মা প্রায় প্রায় কারনে অকারনে মারধর করতো। আজকেও তাকে চরমভাবে ইট ও পাথর দিয়ে মারধর করে মেরে ফেলে বাথরুমের মধ্যে ফেলে রাখে। খবর পেয়ে প্রতিবেশীরা বাড়ি থেকে মৃত অবস্থায় বেড় করে আনে। তাকে সৎ মা জাহানারা বেগম পিটিয়ে মেরে ফেলেছে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশু নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরের কালচে মারপিটের দাগ ও মাথায় গভীর ক্ষত দেকে প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
নাঈম এই পরিবারের ছেলে সন্তান হওয়ায় সম্পত্তি ভাগাভাগির কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে। আমরা তদন্ত করছি। ইতোমধ্যে তার সৎ মা জাহানারাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বাবা জলিল শেখ পলাতক রয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫ | সময়: ৭:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ