, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নতুন মুখ আবু নসিব জবা। দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি ইতোমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছেন। ‘গ্রাম শহর অলিগলি, জিতবে এবার শাপলা কলি’ প্রতিপাদ্যে নির্বাচনী লিফলেট নিয়ে তিনি বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সমর্থন কামনা করছেন।
জানা গেছে, আবু নসিব জবা জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের দক্ষিণ ভানাই কুশলিয়া গ্রামের ছায়েম উদ্দীন বকুলের প্রথম পুত্র। পেশাগত জীবনে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসার সঙ্গে যুক্ত এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিউ মার্কেট থানা কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি দলীয় নিয়ম-শৃঙ্খলা মেনে এনসিপির প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করে তা যথাযথ প্রক্রিয়ায় জমাও দিয়েছেন। এরপর তিনি নিজ এলাকায় ফিরে ধারাবাহিক ভাবে মাঠে অবস্থান করে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দিচ্ছেন।
গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে আবু নসিব (জবা) বলেন, জয়পুরহাট-১ আসনের সাধারণ মানুষের উন্নয়ন, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্রবিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও জনদুর্ভোগমুক্ত একটি আধুনিক জয়পুরহাট গড়ে তুলতে চাই।