বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে ধর্ষণের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছে ১০ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় লম্পট ধর্ষককে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সৌপর্দ করে স্থানীয় উত্তেজিত জনতা। রোববার সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোডাউন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লম্পট মিলন বিশ্বাস (৪০) কে আটক করে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। মিলন বিশ্বাস ওই গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা এস আই আতাউর রহমান। ধর্ষণের শিকার ওই শিশুটির পিতার নাম নয়ন হোসেন। সে ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, মুলাডুলি ইউনিয়নের গোডাউন পাড়া এলাকার লাবু দেওয়ানের শিমের ক্ষেতে কাজ করতো লম্পট মিলন বিশ্বাস। গত শনিবার ২২ নভেম্বর বিকালে নিজ বাড়ি থেকে পায়ে হেটে ছোট ভাইকে সাথে নিয়ে শিম ক্ষেতের পাশ দিয়ে পার্শ্ববর্তী নানীর বাড়িতে যাওয়ার সময় ১০ বছর বয়সী ওই শিশুকে জাপটে ধরে পার্শ্ববর্তী শিম ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট মিলন বিশ্বাস।
পরবর্তীতে কাঁদতে কাঁদতে ওই শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে সে লম্পট মিলন বিশ্বাস এর কাছে গিয়ে ন্যাক্কারজনক এই ঘটনার জবাবদিহি চান। সে সময় লম্পট মিলন বিশ্বাস উত্তেজিত হয়ে এই ঘটনা কাউকে জানালে তাদের সবাইকে ‘জবাই’ করে মেরে ফেলার হুমকি দেয়। সেই ভয়ে ওই শিশু ও তার মা রিনা খাতুন (২৮) চুপ হয়ে গেলেও ঘটনাটি ফাঁস হয়ে যায়।
রোববার সকালে স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে লম্পট মিলন বিশ্বাসকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সৌপর্দ্য করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লম্পট মিলন বিশ্বাসকে আটক করে এবং ধর্ষণের শিকার ও শিশুকে উদ্ধার করে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে।
ধর্ষণের শিকার ওই শিশুটি জানায়, ঘটনার সময় ছোট ভাইকে সাথে নিয়ে যাওয়ার সময় মিলন বিশ্বাসকে ছোট ভাইকে মেরে তাকে জাপটে ধরে পার্শ্ববর্তী শিম ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় তার প্রচুর কষ্ট হয়েছে বলেও জানায় সে।
মেয়েটির মা রিনা খাতুন জানান, ন্যাক্কারজনক এই ঘটনার বিচার চাইতে গেলে লম্পট মিলন বিশ্বাস আমাকে ও আমার মেয়েকে জবাই করে হত্যার হুমকি দেয়। সেই কারণেই ঘটনাটি কাউকে বলতে সাহস পায়নি। পরবর্তীতে পার্শ্ববর্তী তোফাজ্জল হোসেন ঘটনাটির প্রতিবাদ করে লম্পট মিলন বিশ্বাসকে আটক করে। আমরা লম্পট মিলন বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এবিষয়ে ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা এস আই আতাউর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লম্পট মিলন বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটিকে উদ্ধার করে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে লম্পট মিলন বিশ্বাসের দৃষ্টন্তমূলক শাস্তি দাবী করে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। তারা ধর্ষক মিলনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।