সর্বশেষ সংবাদ :

বাঘায় আম গাছের ডালের চাপায় পাওয়ার টিলার চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে গিয়ে জমির আইলে (কিনারে) আম গাছের ডালের চাপায় হাসান আহম্মেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ২৮ নভেম্বর সকাল ৯ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আহম্মেদ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা টলটলিপাড়া গ্রামের আনারুল ইসলামের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টার দিয়ে অমরপুর মাঠে পাওয়ার টিলার দিয়ে সাবর আলীর জমি চাষ করছিলেন একই এলাকার চালক হাসান আহাম্মেদ। হটাৎ জমির আইলে (কোণে) আম গাছের কাছে ব্যাক গিয়ার দিয়ে পেছনে ঘুরতে গিয়ে গাছের ডালের চাপা লেগে গুরুত্বর আহত হন তিনি। তাৎক্ষণাত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
জমির মালিক সাবর আলী জানান, ঘটনার সময় পাশের একটি জমিতে সার দিচ্ছিলাম। দূর থেকে দেখি ড্রাইভার হাসান আমগাছের ডালের সাথে পাওয়ার টিলারের হেন্ডেলের চাপায় খেয়ে পড়ে আছেন। প্রথমে নিজে তাকে উদ্ধার করার চেষ্টা করে না পেরে চিৎকরে পাশে জমির আগাছা পরিস্কার করছিলেন মাসুদ সহ অন্যরা আসলে ডালের চাপা থেকে তাকে উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. খালেকুজ্জামান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
হাসানের পিতা আনারুল ইসলাম বলেন, আমার দুই সন্তান। এর মধ্যে বড় ছেলে তুষার ঢাকায় থাকে। ছোট ছেলে হাসান কৃষি কাজ করে। তারা দুই ভাই রাতে বন্ধুদের সাথে পিকনিক করে বাড়িতে একই বেডে শুয়ে ছিল। হাসান সকালে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।


প্রকাশিত: November 29, 2025 | সময়: 6:42 am | সুমন শেখ