সর্বশেষ সংবাদ :

নওহাটায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও সিএনজি পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার নওহাটায় সোমবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি সিএনজি গাড়ি আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে বাড়ির টিনের চাল, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও ঘরের সাথে (ব্যলকনি) থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাতেও আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণরূপে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও স্থানীয়দের ধারণা, কয়েক লক্ষ টাকার সম্পদ আগুনে ভস্মীভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরু রাস্তা ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও সিএনজি গাড়ির লিকেজ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাড়ির মালিক জানান, রাতে হঠাৎ আগুনের পোড়া গন্ধে ঘুম ভেঙে দেখে ঘরের চারপাশে আগুন ছড়িয়ে গেছে। পরবর্তীতে কোনরকম ঘর থেকে বাইরে এসে প্রতিবেশীদের সাহায্যে সাবমারসিবল থেকে পানি দিয়ে আগুন প্রাথমিক ভাবে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির টিন থেকে শুরু করে আসবাপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি সরকারি আর্থিক সাহায্য চান।
সিএনজি গাড়ির মালিক ফজলু বলেন, আমার একমাত্র আয়ের পথ ছিল এই সিএনজি গাড়ি। হঠাৎ গতকাল রাতের আগুনে আমার গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কি দিয়ে আমার পরিবারের ভরণ পোষণ চালাবো। এই আগুনে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা সরকারি আর্থিক সাহায্য চাই।
এ ঘটনায় আক্রান্ত পরিবারের সদস্যরা চরম হতাশায় ভুগছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার দাবি জানায়।


প্রকাশিত: November 26, 2025 | সময়: 6:56 am | সুমন শেখ